গাজীপুর মহানগরের বাসন থানার বিভিন্ন এলাকায় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল বিক্রির একাধিক দোকান গড়ে ওঠার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব দোকানে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তেল খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে, অন্যদিকে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন থানার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার আশপাশে ছোট ছোট দোকান বা স্থাপনায় বোতল, ড্রাম ও বিভিন্ন পাত্রে করে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করতে দেখা যায়। এসব দোকানের অনেকগুলোরই জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কোনো কোনো দোকানে নিয়ম না মেনে বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও তদারকির ঘাটতির সুযোগে এসব দোকান গড়ে উঠেছে। তবে দোকানগুলোতে বিক্রি করা জ্বালানি তেলের উৎস কী এবং সেগুলোর বৈধতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বৈধ পেট্রোল পাম্পের বাইরে এভাবে তেল বিক্রির ব্যবস্থা থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। বিষয়টি দ্রুত তদন্ত করে অনুমোদনহীন দোকানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।