
ডেস্ক রিপোর্ট :
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের "পদত্যাগ" বা তাঁকে "পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে" সংক্রান্ত সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সংবাদটি সম্পূর্ণ অসত্য, গুজব, ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
রোববার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এতে আরও বলা হয়, শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগ সংক্রান্ত যেকোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে, যেসব গণমাধ্যম এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।