
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, মশাল মিছিলসহ বিভিন্ন তৎপরতা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের মধ্যেই মহানগরের পূবাইল থেকে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাসকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে নাশকতা বা ষড়যন্ত্রমূলক তৎপরতার তথ্য-প্রমাণ না পাওয়ায় মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল তাকে আটক করে।
অমূল্য চন্দ্র দাস গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা হিসেবে পরিচিত। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, তিনি পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থীও ছিলেন।
ডিবি সূত্র জানায়, একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় অমূল্য চন্দ্র দাসকে আটক করা হয়। আটকের পর তার বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
অমূল্য চন্দ্র দাসকে আটকের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক তৎপরতার তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, এ সময় গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ফোন করে অমূল্য চন্দ্র দাস বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সর্বশেষ নির্বাচনে তার পক্ষে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন বলে জানান। এমপি মিলন তাকে নিজের লোক হিসেবেও উল্লেখ করেন।
তবে পুলিশ বলছে, অমূল্য চন্দ্র দাসকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে মূল বিবেচনা ছিল তার বিরুদ্ধে সংশ্লিষ্ট নাশকতা বা ষড়যন্ত্রমূলক তৎপরতার প্রাথমিক তথ্য-প্রমাণ না পাওয়া এবং সার্বিক পরিস্থিতি যাচাই।
এদিকে গাজীপুর মহানগর ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাহেব আলী পাঠান বলেন, অমূল্য চন্দ্র দাসকে ডিবি আটক করেছিল। তার বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে ঝটিকা মিছিল, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচির খবর সামনে এসেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে।
এরই মধ্যে আওয়ামী লীগের সাবেক এই নেতাকে আটকের পর মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, প্রাপ্ত তথ্য-উপাত্ত ও অভিযোগের ভিত্তিতেই আইনগত প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অমূল্য চন্দ্র দাসের ক্ষেত্রে প্রাথমিক যাচাইয়ে নাশকতা বা ষড়যন্ত্রমূলক তৎপরতার সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। তার বিষয়ে সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।