
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল করেছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। অন্যদিকে শিল্প পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মো. ইসরাইল হাওলাদার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি ও নতুন পদে পদায়নের এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশেও নেতৃত্বে পরিবর্তন আসছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. আশিক সাঈদ। আর বর্তমান কমিশনার মো. ইসরাইল হাওলাদার শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।