ডেস্ক রিপোর্ট :
দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনের ওপর সম্ভাব্য হামলা বা নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও মাঠপর্যায়ের ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা সব যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা করা যাবে না।
এতে আরও বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না।
পুলিশ সদর দপ্তর থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ডসহ সরকারি যানবাহন রাখার সব নির্ধারিত স্থানে নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
জরুরি বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়ে সময়ে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থারই অংশ এবং এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তবে নিরাপত্তাজনিত কারণে সম্ভাব্য হুমকির উৎস বা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর।