মো: মামুন হোসেন সরকার,লালমনিরহাট প্রতিনিধ :
মাতৃমৃত্যুর হার কমানো এবং অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের যত্ন নেয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা আরডিআরএসের বাস্তবায়িত বাংলাদেশ জননী প্রকল্পের আয়োজনে ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কইকা) অর্থায়নে ব্যতিক্রমী এই মেলার আয়োজন করা হয়।
বাউরা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ- সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার এসএম ইমরান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. খুরশিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জননী প্রকল্পের গর্ভমেন্ট রিলেশন ও কমিউনিটি মবিলাইজেশন অফিসার নাজমুল হুদা ডাকুয়া, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিশনাথ শর্মা, ইউপি সদস্য আশাদুল হক প্রমুখ। মেলায় বাল্যবিবাহ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. খুরশিদুল ইসলাম বলেন, আমরা চাই ডেলিভারির সময় যাতে কোন মা মারা না যায়, কোন শিশু যেন ডেলিভারির পর মারা না যায়। এ জন্য ডেলিভারির সময় হাসপাতালে অথবা স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে। পাশাপাশি বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করা দরকার।,
প্রসূতি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল বিনামূল্যে ওষুধের কর্নার, পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী দর্শনার্থীসহ প্রায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। বউ-শাশুড়ি মেলায় বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বউ-শাশুড়িরা। খেলায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় ও গাছ বিতরন করা হয়।