
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন তিনি।
সংসদ সদস্যদের সরাসরি ভোটে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে অনুষ্ঠিত ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
ভোটের ফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ চলে। ভোট শেষে ফল ঘোষণা করা হয়।
এর আগে জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।