• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

ডেক্স রিপোর্ট / ৩৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট 

দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে ৫জি সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন সরকার। এর মধ্যে ঢাকা শহরের প্রায় ৪০টি আবাসিক এলাকা, বিমানবন্দর, রেলস্টেশন, রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, ঢাকা ছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও সিলেটসহ দেশের প্রায় ৪০০টি গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিক পর্যায়ে ৫জি সেবা চালু করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পূর্ণাঙ্গ ৫জি সেবা বাস্তবায়নের জন্য কৃষি, চিকিৎসা, শিক্ষা, উৎপাদনসহ বিভিন্ন ভার্টিক্যাল ইন্ডাস্ট্রির প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দেশের বাস্তবতা বিবেচনায় ৫জি ইকোসিস্টেম ব্যবহারের উপযোগী খাত নির্ধারণে কার্যক্রম চলছে। একই সঙ্গে বিভাগীয় শহরের আবাসিক ও শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সীমিত আকারে ৫জি চালুর কাজও এগিয়ে চলছে।

তিনি জানান, ৫জি প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহারের জন্য বিটিসিএলের ‘অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দেশের ৬৪ জেলা ও সংশ্লিষ্ট উপজেলাকে ব্যাকআপ অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের আওতায় আনা হচ্ছে, যাতে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা যায়।

এছাড়া ঢাকা মেট্রো এলাকায় ব্যাকআপ লিংক স্থাপন, জেলা থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে উচ্চগতির ব্যান্ডউইথ বিতরণের জন্য আধুনিক এএসওএন (অটোমেটিকালী সুইসড অপ্টিকাল নেটওয়ার্ক) সক্ষম ডিডব্লিউডিএম যন্ত্রপাতি স্থাপনের কাজ চলমান রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অপটিক্যাল ফাইবার ও যন্ত্রপাতি স্থাপনের প্রায় ৭৯ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd