
রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি কোভিড হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে।
একই সঙ্গে হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর নজরদারি চলছে।
তিনি জানান, এটি কোনো বিশেষ সফর নয়, বরং নিয়মিত তদারকির অংশ হিসেবে প্রতি সপ্তাহেই বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন তিনি। রোগীরা যাতে নির্বিঘ্নে সেবা পান, সে লক্ষ্যেই এই কার্যক্রম জোরদার করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে হামের তুলনায় নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সরকার জরুরি ভিত্তিতে কাজ করছে। দ্রুত টিকাদান কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এর পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, পরিস্থিতি আরও খারাপ হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট রয়েছে, সেখানে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।