গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ ৪০ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
শনিবার (১৯ জুলাই ২০২৬) আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে বস্তি এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৪০ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ব্যবসা ও মাদকসেবন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।