গাজীপুরের টঙ্গীতে ব্যাংকের মাঠ এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মমেলা বেগম (৪০) ও দুলেনা বেগম (৪৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মমেলা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মোট ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে টঙ্গীর হিমারদীঘি ব্যাংকের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মমেলা বেগম ওই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। অপর গ্রেপ্তার দুলেনা বেগম একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকের মাঠ এলাকার মাদক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মমেলা বেগমকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তাঁর সহযোগী হিসেবে পরিচিত দুলেনা বেগমকে চার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, মমেলা বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মমেলার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ২০টি মামলা রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে মাদক কারবার চালিয়ে আসছিলেন মমেলা।
গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।