
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্যাথলজি ল্যাবটির উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার, যিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।
উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জিএমপিতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আউটলেট প্যাথলজি ল্যাব চালুর ফলে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ল্যাব পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে পুলিশ কমিশনার প্যাথলজি ল্যাব, রেজিস্ট্রেশন কাউন্টার ও মেডিকেল অফিসারের কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি নিজেও ব্লাড টেস্ট করান।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন এ প্যাথলজি ল্যাব চালুর মাধ্যমে জিএমপির পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, সহজলভ্য ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।