
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটক করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করা হলে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এ সময় তাদের আটক করতে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করেন বলে পুলিশের দাবি।
এতে তার বাঁ পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। আহত হওয়ার পরও তিনি দায়িত্ব থেকে পিছিয়ে যাননি এবং অভিযানে অংশ নিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছিনতাই, মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তারের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের মতো অপরাধও বাড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।