
গ্যাসের সমস্যা সমাধানে সরকার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি এলপিজি কার্ডও দেওয়া হবে।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রান্নাবান্নার বিষয়টি গ্রাম কিংবা শহর—সব জায়গার মা-বোনদের জন্যই কষ্টের। এই কষ্ট লাঘবে সরকার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, “যেভাবে সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, সেভাবেই এলপিজি কার্ডও দেওয়া হবে। এর মাধ্যমে মা-বোনদের কাছে গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হবে, যাতে রান্নার জন্য তাদের ভোগান্তি কমে।”
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমরা খাল খননের কথা বলেছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। একইভাবে মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে মায়েদের হাতে এই কার্ড পৌঁছে দিতে চেষ্টা করব।”