
ফ্রান্স-মরক্কো ম্যাচে ঘটেছে আরও কিছু ঘটনা। নতুন কিছু রেকর্ডেও নাম লিখিয়েছেন এমবাপে। একনজরে দেখে নিতে পারেন সেসব ঘটনা ও রেকর্ড সম্পর্কে-
>>> গত ৬০ বছরে বিশ্বকাপের এক ম্যাচে গোল করা, অ্যাসিস্ট করা এবং পেনাল্টি মিস করার ঘটনা ঘটেছে মাত্র চারবার। এর মধ্যে শেষ তিন দিনেই ঘটেছে দুটি, মিশরের বিপক্ষে লিওনেল মেসি এবং মরক্কোর বিপক্ষে কিলিয়ান এমবাপে।
>>> প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। স্পটকিকে নেওয়া এমবাপের দুর্বল শটটি ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। ১৯৬৬ সালের পর (টাইব্রেকারসহ) বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ চারটি পেনাল্টি সেভের কীর্তিও এখন তার।
>>> বিশ্বকাপে এটি তৃতীয়বারের মতো একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন এমবাপে। গত ৬০ বছরে তার চেয়ে বেশি (৫ বার) এমন কীর্তি আছে শুধু মেসির।
>>> টানা তৃতীয় বিশ্বকাপের (২০১৮, ২০২২ ও ২০২৬) সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ইতিহাসে জার্মানি (২০০২-২০১৪ পর্যন্ত টানা চারবার এবং ১৯৮২-১৯৯০ পর্যন্ত টানা তিনবার) ও ব্রাজিলের (১৯৯৪-২০০২ পর্যন্ত টানা তিনবার) পর তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়ল তারা।
এটি ফ্রান্সের অষ্টম বিশ্বকাপ সেমিফাইনাল, যা ব্রাজিলের সমান দ্বিতীয় সর্বোচ্চ। তাদের ওপরে রয়েছে শুধু জার্মানি (১২)।
>>> বিশ্বকাপ ক্যারিয়ারে ৫টি গোল করেছেন উসমান দেম্বেলে। পাঁচটিই এসেছে ২০২৬ বিশ্বকাপে। ২০১৮ ও ২০২২ আসরে তিনি কোনো গোল করতে পারেননি।
>>> আর্জেন্টাইন রেফারিদের পরিচালনায় বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ জিতেছে ফ্রান্স। ইতিহাসে কোনো দেশের জন্য এটাই সর্বোচ্চ।
>>> এই বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা এখন ৮। অ্যাসিস্টে এগিয়ে থাকায় (এমবাপে ৩, মেসি ১) তিনি আবারও গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন।
>>> বিশ্বকাপে এমবাপে এখন পর্যন্ত ৮টি ম্যাচে জয়সূচক গোল করেছেন, যা ইতিহাসে এককভাবে সর্বোচ্চ।
>>> এমবাপের ৮ গোল এবং দেম্বেলের ৫ গোল– একই বিশ্বকাপে পাঁচ বা তার বেশি গোল করা সতীর্থ জুটির মধ্যে এটি ২০০২ সালের পর এটাই প্রথম ঘটনা। ওই আসরে ব্রাজিলের রোনালদো (৮) ও রিভালদো (৫) একই কীর্তি গড়েছিলেন।
>>> এবারের বিশ্বকাপে এমবাপে, দেম্বেলে ও মাইকেল ওলিসে মিলে এখন পর্যন্ত ২৩টি গোলে অবদান রেখেছেন। যা ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ত্রয়ী রোনালদো, রিভালদো ও রোনালদিনহোর (২০) চেয়ে তিনটি বেশি।
>>> ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে ১০ বা তার বেশি গোলে অবদান রাখলেন এমবাপে। ২০২২ সালে ছিল ১০টি, আর ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১১টি।
>>> ২০২৬ বিশ্বকাপে এমবাপের ১১টি গোলে অবদান (গোল+অ্যাসিস্ট) রয়েছে, যা ১৯৭০ সালে গার্ড মুলারের ১৩টির পর এক আসরে সর্বোচ্চ।
>>> গোল ও অ্যাসিস্ট মিলিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপের মোট গোলে অবদান এখন ১৪টি। গত ৬০ বছরে যা মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
>>> ফ্রান্সের হয়ে টানা ১৫টি পেনাল্টি সফলভাবে রূপান্তর করার পর এবারই প্রথম ব্যর্থ হলেন এমবাপে। এর আগে সর্বশেষ ফ্রান্সের জার্সিতে তার পেনাল্টি মিস ছিল ইউরো ২০২০-এ সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে।
>>> ১৮ বছর ২৮০ দিন বয়সে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলা ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার। এখনও সর্বকনিষ্ঠ ব্রাজিল কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালে ওয়েলসের বিপক্ষে খেলেছিলেন ১৭ বছর ২৩৯ দিন বয়সে।
>>> বিশ্বকাপে এমবাপের ক্যারিয়ার গোলসংখ্যা এখন ২০, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন শুধু লিওনেল মেসি (২১)।
>>> দিদিয়ের দেশমের অধীনে এটি এমবাপের ২০তম বিশ্বকাপ ম্যাচ, একই কোচের অধীনে কোনো খেলোয়াড়ের জন্য যা সর্বোচ্চ।
>>> বিশ্বকাপে ফ্রান্সের জয়ের সংখ্যা এখন ৪৫, যা ইতালির সমান যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ। তাদের ওপরে রয়েছে ব্রাজিল (৭৯), জার্মানি (৭০) ও আর্জেন্টিনা (৫২)।
>>> ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০০ বা তার বেশি গোলে অবদান রাখা প্রথম ফুটবলার হলেন এমবাপে। এখন পর্যন্ত তার অবদান ১০১টি, এর মধ্যে ৬৪ গোল ও ৩৭ অ্যাসিস্ট।