নাঈম গাজীপুর প্রতিনিধি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (গাজীপুর সদর শ্রীপুর) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রার্থী হচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুল ইসলাম পিয়াল। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আশিকুল ইসলাম পিয়াল দলের একজন সাংগঠনিক সম্পাদক ও সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার প্রার্থিতার মাধ্যমে গাজীপুর-৩ আসনে বামপন্থী রাজনীতির একটি স্বতন্ত্র কণ্ঠস্বর প্রতিনিধিত্ব করবে বলে ধারনা করা যাচ্ছে। প্রার্থী আশিকুল ইসলাম পিয়াল তার নির্বাচনী এজেন্ডায় জনগণের অর্থনৈতিক সমস্যা সমাধান, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বস্তরে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি তার প্রচারণায় একটি সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গাজীপুর-৩ আসনে তার প্রার্থিতা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে তার মনোনয়নকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।বাসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো বড় দলের সঙ্গে জোটবিহীনভাবে তাদের আদর্শিক লড়াই চালিয়ে যাবে।