
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়েছে। গত ৩১ অক্টোবর হারিয়ে যাওয়া পুলিশের ওই অস্ত্রটি পাঁচ দিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বাসন থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) পারভেজ মল্লিকের গুলিভর্তি পিস্তলটি হারিয়ে যায়। ঘটনার পর থেকেই অস্ত্রটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া এলাকায় টিএন্ডটি রোডের বিপরীতে জনৈক প্রফেসর মো. সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খালি জায়গায় অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন এসআই মো. জহুরুল ইসলাম, এসআই মো. নাহিদ আল রেজা, এএসআই মো. সানিউল আলম, ড্রাইভার কনস্টেবল মো. বুলবুল আহমেদ, কনস্টেবল মো. সোহাগ মিয়া, কনস্টেবল মো. শাহিন খান ও কনস্টেবল মো. রিপন মিয়া।
দীর্ঘ পাঁচ দিনের অভিযান শেষে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তলটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে। তবে অস্ত্রটি কীভাবে ওই স্থানে পৌঁছেছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।