গাজীপুরের টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে রেলস্টেশন এলাকায় এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে এবং স্টেশনের পাশে বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ তার হলেন: গাজীপুরের কালীগঞ্জ সদর এলাকার কালাপাটুয়া কাপাস এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন (৭৭)। অপর নারীর পরিচয় পাওয়া যায়নি; তবে তার বয়স আনুমানিক ৩০ বছর। রেলওয়ে পুলিশ জানায়, গাজীপুর মহানগরের টঙ্গীর বউবাজার এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রেলক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এ সময় ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ওই নারী ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।