
দ্রুত আধুনিক ও নিরাপদ গণপরিবহন চালুর দাবি সচেতন নাগরিকদের।
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা চালুর দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ‘সচেতন নাগরিক ঐক্য, গাজীপুর’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত গাজীপুরের সামগ্রিক যোগাযোগব্যবস্থা ও নগর উন্নয়নকে দীর্ঘমেয়াদে পিছিয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের লাখ লাখ মানুষ তীব্র যানজট, যাতায়াতে ভোগান্তি এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার সমস্যায় ভুগছেন। এ অবস্থায় প্রকল্প বাতিল না করে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্রুত আধুনিক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
বক্তারা আরও বলেন, অবকাঠামো খাতে জনগণের করের টাকায় করা বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নারী, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নির্বিঘ্ন যাতায়াতের উপযোগী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে।
গাজীপুরের পরিবহন সংকট সমাধানে একতরফা সিদ্ধান্ত না নিয়ে নগর বিশেষজ্ঞ, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত মহাপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
এ সময় বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতা, অব্যবস্থাপনা, জনদুর্ভোগ ও প্রাণহানির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে চলমান এ প্রকল্পের সমস্যা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জনস্বার্থে টেকসই সমাধান নিশ্চিত করা প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর মহানগর সদর মেট্রোর সভাপতি মুফতি মাহবুব আশরাফী, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব আবুল কাশেম শিকদার, গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক আনিস খান, মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জ্যেষ্ঠ মুখ্য সংগঠক সাকিল সরদার, সদর মেট্রো এনসিপির সদস্যসচিব রেদোয়ানুল হক এবং মহানগর যুবশক্তির সংগঠক শাকিল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে গাজীপুরবাসীর দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে জনবান্ধব পরিবহন পরিকল্পনা গ্রহণ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।