
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তদন্তে সন্দেহভাজন ও ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন দুইজন রয়েছেন। তারা হলেন—মো. শাকিল (২১) ও মো. ইসলাম প্রামানিক ওরফে হৃদয় (২৪)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. দেলোয়ার হোসেন ওরফে মাসুদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাকিল (২৪), সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. অনিক আহমেদ (২৯) ও মো. নুর জাহান বেগম (৩৫) এবং জিএমপি প্রসিকিউশন অধ্যাদেশের আওতাভুক্ত আসামি মো. এমারত হোসেন দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় সংশ্লিষ্ট সর্বমোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।