নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজের প্রতিবেদকের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে গুরুতর অবস্থায় হাসপাতাল ভর্তি আছেন তিনি। এ ঘটনায় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ঈদে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। চিতকারের শব্দে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এক পুলিশ সদস্য। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইয়ের সাথে জড়িত। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, ‘আমি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে। কিন্তু ব্যস্ত থাকায় তার সাথে কথা বলতে পারিনি। পরবর্তীতে আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম তখন লোকটি এসে হঠাৎ করেই আমার ওপর হামলা চালায়। আমি সেই ব্যক্তিকে কোনোদিন দেখিনি। তার সাথে আমার কোনও পরিচয় নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবী ও ছিনতাইকারী থাকে। তারা নৃশংস এই হামলার সাথে জড়িত থাকতে পারে। কারণ গাজীপুর চৌরাস্তায় কোনও সাংবাদিক আসলেই তাদের কাজে বাধা দেয়ার চেষ্টা করে এই অপরাধীরা।
প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গাজীপুরের পেশাদার সাংবাদিকেরা। দ্রুত সময়ের মধ্যে এই হামলার পেছনের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন তার মা হাসপাতালে ভর্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।’