
গাজীপুর সিটি করপোরেশনের ওয়ারলেস এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে শাহ আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের চাষ বন্ধ এবং এর বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ মাছ চাষের দায়ে শাহ আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ধরনের অভিযান নিষিদ্ধ মাছের চাষ ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।