গাজীপুর প্রতিনিধি :
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বরসহ আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো পরিবার।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম কলমেশ্বর এলাকায় অর্ধশতাধিক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বোর্ডবাজার থেকে গাছা সড়ক, বোম্বাই মসজিদের পশ্চিম পাশের সড়ক এবং আইটি গেট থেকে কাতরা-ইছর যাওয়ার প্রধান সড়ক হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে রয়েছে। ফলে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকেই সময়মতো কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।
ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের আশপাশে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে। বড়বাড়ি থেকে বোর্ডবাজার পর্যন্ত মহাসড়কের পাশের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এছাড়া এলাকার খাল ও ড্রেন দিয়ে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত না হওয়ায় বৃষ্টির পানি আবাসিক এলাকায় জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সাত্তার টাওয়ার সংলগ্ন মহাসড়কের ড্রেন দিয়ে পানি ঠিকমতো নামতে না পারায় পুরো এলাকার পানি আটকে যাচ্ছে। ফলে প্রতিবার বর্ষা মৌসুমেই একই ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, গাজীপুর মহানগরী হলেও এখনো নাগরিক সুবিধার বড় ঘাটতি রয়েছে। তারা দ্রুত ড্রেন সংস্কার, খাল উদ্ধার এবং আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
শিল্পসমৃদ্ধ গাজীপুরে বিপুল সংখ্যক শ্রমিক পরিবার ভাড়া বাসায় বসবাস করেন। জলাবদ্ধতার কারণে অনেকের ঘরে পানি ঢুকে আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল নষ্ট হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বাড়তি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী গাজীপুর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং খাল পুনরুদ্ধারের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।