মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরকে একটি আধুনিক, মডেল ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান। তিনি বলেন, “গাজীপুরে এমন কোনো স্টেশন নেই, যেখানে রাতে মানুষ নিজেকে নিরাপদ মনে করতে পারেন। সবার আগে সিটি কর্পোরেশনকে একটি মডেল ও নিরাপদ নগরীতে পরিণত করতে হবে। তবেই মানুষ নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবে।”
তিনি বাসন মেট্রো থানার ১৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
ড. হাফিজুর রহমান বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, আধুনিক নাগরিক সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ এবং কার্যকর জনসেবা নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন এবং বাসন মেট্রো থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম।
এ সময় গাজীপুর মহানগর, বাসন মেট্রো থানা ও ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।