নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পচ্চিম পাড়া এলাকায় সানমুন মার্কেট সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে জমজমাট ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ব্যক্তি—হাসান মিস্ত্রি। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন প্রকাশ্যে মাদক কারবার চললেও প্রশাসন রয়েছে নীরব। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হাসান মিস্ত্রি নামের ওই ব্যক্তি এলাকার পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত ভাবে ইয়াবার কারবার চালিয়ে আসছেন। এলাকার তরুণ-তরুণীদের একটি অংশ ইতোমধ্যে এই ভয়ঙ্কর নেশার সঙ্গে জড়িয়ে পড়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলেও কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অনেকে আশঙ্কা করছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই মাদক কারবার বহাল তবিয়তে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “আমরা আতঙ্কে আছি। কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। ইয়াবা বিক্রি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট ছোট ছেলেরা পর্যন্ত এতে জড়িয়ে যাচ্ছে।” এদিকে প্রশাসনের এমন নিরবতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর অভিযান দাবি করেছেন। এ বিষয়ে কোনাবাড়ী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মন্তব্য পাওয়া যায়নি।