• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি

ডেস্ক রিপোর্ট / ২৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময়  মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ দুজন মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনার হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং স্থানীয় মুসল্লি আলম শেখ (৫৫)।

এই হামলার সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোর সাড়ে ৫টার দিকে মসজিদে ফজরের জামাত চলছিল। নামাজ চলাকালীন আকস্মিকভাবে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম শেখ নামের আরেক মুসল্লিও গুলিবিদ্ধ হন। গুলিতে রক্তাক্ত অবস্থায় দুজনেই মসজিদের মেঝেতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দা ও অন্য মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে লোকমান হাকিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এই হামলার সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একজন তালিকাভুক্ত ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসায়ী।


More News Of This Category
bdit.com.bd