
গাজীপুরের কাশিমপুরে ‘মির্জা অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি নিটিং কারখানায় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার গভীর রাতে কাশিমপুর থানার বড় ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে।
এরপর ডাকাতরা কারখানার গেটের তালা কেটে ভেতরে থাকা বিপুল পরিমাণ সুতা ও নগদ টাকা নিয়ে যায়। লুট হওয়া সুতার পরিমাণ প্রায় ৭ হাজার ৩৫০ কেজি, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ সময় কারখানায় থাকা নগদ প্রায় দেড় লাখ টাকাও নিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর খবর পেয়ে কাশিমপুর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করার পাশাপাশি তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।