
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীরা প্রকৃত শ্রমিক নন; বরং তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
ওসি জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।