গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বাংলা মদের আস্তানায় আজ মঙ্গলবার সকাল থেকে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদের বোতল, উৎপাদন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়। এ সময় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, এই আস্তানার কারণে দীর্ঘদিন তারা ভয়ে ও অস্বস্তিতে ছিলেন। অনেক যুবক নেশার কবলে পড়ে আসক্ত হয়ে পড়েছিল। অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং নিয়মিত এমন অভিযান চালানোর দাবি তোলে।কালিয়াকৈর থানার এক কর্মকর্তা বলেন, মাদকবিরোধী অভিযান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তিনি জানান, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করাই তাদের লক্ষ্য, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানের খবর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।