
বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়া সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দে। এবার শেষ ৩২-এর লড়াইয়ে তাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে ভীত নন কেপ ভার্দের কোচ বুবিস্তা। বরং সাহসী ফুটবল খেলেই অঘটন ঘটানোর স্বপ্ন দেখছেন তিনি।
সংবাদ সম্মেলনে বুবিস্তা বলেন, তার দলের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস। খেলোয়াড়দের নির্ভীক থেকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।
তিনি বলেন, “আমাদের মধ্যে বিশ্বাস ও দৃঢ় প্রত্যয় রয়েছে। আমরা সাহসের সঙ্গে খেলব, নির্ভীক থাকব এবং পরের রাউন্ডে ওঠার জন্য লড়াই করব। আমরা চাই খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করুক, তবে একই সঙ্গে যেন পুরো মনোযোগ ধরে রাখে।”
আর্জেন্টিনা এই ম্যাচে স্পষ্ট ফেবারিট হলেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন কেপ ভার্দের কোচ।
তার ভাষায়, “আমরা নিজেদের, আমাদের খেলোয়াড় এবং দলের ওপর বিশ্বাস রাখি। জানি, এটি কঠিন ম্যাচ হবে। কিন্তু আমরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারি। আমরা উচ্চাভিলাষী এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
লিওনেল মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই বলেও জানান বুবিস্তা। তার মতে, কেবল একজন খেলোয়াড়কে নয়, পুরো আর্জেন্টিনা দলকেই মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, “আমাদের পরিকল্পনা শুধু মেসিকে ঘিরে নয়, পুরো দলের বিপক্ষে। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা দল। মেসি অসাধারণ ফুটবলার, তবে আমাদের লড়াই পুরো আর্জেন্টিনার বিপক্ষে।”
মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টে ইতোমধ্যেই কয়েকটি অঘটন ঘটেছে উল্লেখ করে বুবিস্তা বলেন, ছোট দলগুলো এখন বড় দলগুলোর সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
তিনি বলেন, “আমরা যোগ্যতার ভিত্তিতেই এখানে এসেছি। আগের তিন ম্যাচে প্রমাণ করেছি যে, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ, তবে আমাদেরও একটি স্বপ্ন রয়েছে। তাদের জন্যও ম্যাচটি কঠিন করে তুলতে চাই।”