
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফল উদ্বোধনের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলসংক্রান্ত প্রয়োজনীয় নথি হস্তান্তর করবেন। অনুষ্ঠান শেষে দুপুর থেকে পরীক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নির্ধারিত ওয়েবসাইট ও খুদে বার্তার পাশাপাশি পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—‘এডুবোর্ড রেজাল্টস’ ও ‘এডুকেশন বোর্ড রেজাল্টস’।
ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর ফলাফল দেখা যাবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও পাওয়া যাবে ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ফলাফল বিভাগে গিয়ে প্রতিষ্ঠানের শনাক্তকরণ নম্বর ব্যবহার করতে বলা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
মুঠোফোনে খুদে বার্তায় ফল জানার পদ্ধতি
মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও দ্রুত এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে পরীক্ষার ধরন, বোর্ডের সংক্ষিপ্ত নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে।
সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ‘এসএসসি ডিএইচএ ১২৩৪৫৬ ২০২৬’ লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এখানে ‘ডিএইচএ’-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ‘এসএসসি এমএডি ১২৩৪৫৬ ২০২৬’ লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ‘এসএসসি টিইসি ১২৩৪৫৬ ২০২৬’ লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি ফিরতি খুদে বার্তার জন্য সব ধরনের করসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
ফল পুনর্নিরীক্ষণের সুযোগ
প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে কেবল অনলাইনে এ আবেদন জমা দিতে হবে।