আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান এই শোকজ নোটিস দেন। শোকজ পাওয়া এম মঞ্জুরুল করিম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।নির্বাচন কমিশন থেকে জানা গেছে, বিএনপি প্রার্থী রনি প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নির্বাচনি প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে; যার সত্যতা পায় কমিশন। অভিযোগ অনুযায়ী, রনি গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার আগেই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর সদরের সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লাসহ বিভিন্ন এলাকায় শোক সভার নামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার চালাচ্ছেন। ফেইসবুক দেখা যাচ্ছে যে, আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে কৌশলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রচার চালাচ্ছেন। মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন; যা কমিটির নজরে এসেছে। আপনার এমন প্রচার সুস্পষ্টভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৩, ১৬, ১৮, ২৭ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘনের শামিল। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সে বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আগামী রোববার বেলা সাড়ে ১১টায় নিম্ন স্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (সিভিল জজ অতিরিক্ত আদালত, গাজীপুর) সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে (প্রার্থী) নির্দেশ প্রদান করা হল।নোটিস পাওয়ার কথা নিশ্চিত করে বিএনপি প্রার্থী রনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া হবে। সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে গিয়ে নির্বাচনি কোনো আচরণবিধি ভঙ্গ করেননি তিনি। তবে কোনো কর্মী নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেছেন, কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।