নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত ১৯ বছর বয়সী তরুণ মো. শুভ মিয়াকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই ঘটনায় ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শুভ মিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া আনুমানিক ৬৫ হাজার টাকা মূল্যের একটি আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মামুন মিয়া (৩২), মো. ফাহিম (২৬) ও মো. বেলায়েত হোসেন (২৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে ময়মনসিংহের নান্দাইল থানার আমোদপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে শুভ মিয়া নিখোঁজ হন। পরদিন ৬ সেপ্টেম্বর এ ঘটনায় তার ভগ্নিপতি মো. ইসলাম উদ্দিন শ্রীপুর থানায় জিডি করেন, যার নম্বর ৩৮৭।
নিখোঁজের পর বিভিন্ন সময়ে মোবাইল ফোনে শুভ মিয়ার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ইসলাম উদ্দিন বাদী হয়ে মাহাদী কাশিম রিজভী ওরফে রিকিশী (২৩)-কে এজাহারভুক্ত এবং আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্রীপুর থানায় অপহরণ মামলা করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় গাজীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবুল হাসান হাওলাদারকে।
পুলিশ জানায়, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ৯ সেপ্টেম্বর বিকেল ৬টার দিকে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের সহায়তায় গফরগাঁও পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে শুভ মিয়াকে উদ্ধার করে।
পরে উদ্ধার হওয়া শুভ মিয়াকে জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মহানগর, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামুন মিয়া, ফাহিম ও বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে শুভ মিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোন-১২ প্রো ম্যাক্সটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।