• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

মোহাম্মদপুর-পল্টনে অস্ত্র, গুলি ও লক্ষাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৫: র‍্যাব

ডেস্ক রিপোর্ট / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

 

 

রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, গত ২৭ এপ্রিল র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর ও পল্টন এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে র‍্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুর রহমান, রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. সুর নবী (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন মাদক কারবার, অস্ত্র ব্যবসা ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

এক প্রশ্নের জবাবে খালিদুল হক হাওলাদার বলেন, অপরাধ দমনে মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউমার্কেট ও শেরে বাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম কাজ করছে। তিন শিফটে প্রতিটি শিফটে আটটি করে টহল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিংও পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অতীতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে জেনেভা ক্যাম্পে একাধিক ব্লক রেইড পরিচালনা করেছে। এতে ওই এলাকায় মাদক প্রবণতা অনেকাংশে কমে এসেছে।

দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো ধরনের হুমকি বা ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ভবনগুলোতে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বড় ধরনের কোনো তাৎক্ষণিক হুমকি তারা দেখছেন না। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় মোতায়েন ও নজরদারি অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd