• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, ৪ সদস্য গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট / ২৯ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট 

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি বলেন, “চক্রটি দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। তবে চলমান এসএসসি পরীক্ষার প্রকৃত প্রশ্নের সঙ্গে তাদের সরবরাহ করা প্রশ্নের কোনো মিল নেই।”

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারির সময় ‘SSC 2026 Question Paper First Group’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আশুলিয়ার তাজপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সিফাত আহমেদ সজীবকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থেকে মো. সালমান এবং দিনাজপুরের নবাবগঞ্জের দাদনপুর মালিপাড়া এলাকা থেকে মো. মেজবাউল আলম মাহিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের শাহ শরীফ জিন্দানি (রহ.) মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. মহিউজ্জামান মুন্নাকে আটক করা হয়।

মুনশী শাহাবুদ্দীন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এই চক্র মূলত আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই প্রতারণা চালিয়েছে। পাশাপাশি তারা চলমান সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে।”

এদিকে, জব্দ করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হয়েছে। তারা কতদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল এবং কত টাকা হাতিয়ে নিয়েছে—সেসব তথ্য উদঘাটনে কাজ করছে সিটিটিসির বিশেষ দল। তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd