গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক শুক্কুর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয় বিবেচনায় নিয়ে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলায়ও গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।
গ্রেপ্তার শুক্কুর আলী টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার বাসিন্দা। তিনি সদ্য ঘোষিত টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, শুক্কুর আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।