গাজীপুরে ছিনতাইয়ের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. সাব্বির হোসেন নামে এক স্থানীয় সংবাদকর্মী। তাকে মারধর করে নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল ছিনতাইকারীর বিরুদ্ধে। এই ঘটনায় বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে এলাকায় চরম আতংক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে নয়টার সময় গাজীপুর মহানগরীর পুরাতন বাসন মেট্রো থানা এলাকায়। ভুক্তভোগী মোঃ সাব্বির হোসেন একজন সংবাদকর্মী হিসেবে ছিনতাইয়ের সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় ছিনতাই চক্র অতর্কিত হামলা চালায়।অভিযোগ পত্রে মোঃ সাব্বির হোসেন উল্লেখ করেছেন যে, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ সময় তার কাছে থাকা নগদ ৬,০০০ টাকা এবং তার ব্যবহৃত ‘Vivo Y16’ মডেলের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগে দুইজনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: ১. মো. ইয়াসিন (২০) ২. মো. শান্ত (২১) এছাড়া আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে। বর্তমানে মোঃ সাব্বির হোসেন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাসন থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।