সোহাগ হত্যার ঘটনায় আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ঘটনার দিন আনসার সদস্যরা হাসপাতালের নির্ধারিত রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। রোস্টারের বাইরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের বাইরে স্বপ্রণোদিত হয়ে আনসার সদস্যদের দায়িত্ব পালনের সুযোগ ছিল না। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেওয়া হয় এবং তার দেওয়া তথ্যে অপর অভিযুক্ত তারেক রহমান রবিনকেও গ্রেপ্তার করা হয়। ডিএমপি দুঃখ প্রকাশ করে জানায়, সামাজিক মাধ্যমে পুলিশের তৎপরতা নিয়ে কিছু বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে। এটি মোটেই কাম্য নয়। আলমগীর-মনির ৪ দিনের রিমান্ডে: সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন মো. আলমগীর ও মনির। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট: সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার এ রিটটি শুনানির জন্য উঠবে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী।হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের: সোহাগ হত্যার ঘটনায় মিটফোর্ড হাসপাতালে নিরাপত্তা সংকটের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ছাত্ররা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন। ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন এক দিনের কর্মবিরতি। গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’-এর ঘোষণা দেন। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। সোহাগের পরিবারের পাশে বিএনপি: সোহাগের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোহাগের পরিবারকে সমবেদনা জানানোসহ আর্থিক সহায়তা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি।